নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় নিহত দম্পতির মেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের গোয়ালপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের সইবর আলী তার স্ত্রী রেহেনা বেগম ও মেয়ে শাকিলাসহ মোটরসাইকেলেযোগে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়। এসময় স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সইবর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় মেয়ে শাকিলাকে ভর্তি করে করা হয়। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে। একই সময় দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে সইবর আলীর মৃত্যু হয়।