গৃহকর্ম বা পারিবারিক কাজে যুক্ত করার জন্য স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে এক ব্যক্তিকে আদেশ দিয়েছে চীনের একটি আদালত।
বুধবার রাজধানী বেইজিংয়ে, ডিভোর্স হওয়ার পর এ যুগান্তকারী রায় দিয়েছে। ওই নারী পাঁচ বছর পরিবারের কাজ করার জন্য ৭ হাজার ৭০০ ডলার পাবেন। এছাড়া বিচ্ছেদর পর খোরপোষ বাবদ তাকে মাসে ৩১০ ডলার করে দেয়ার জন্য স্বামীকে নির্দেশ দেয়া হয়।
আদালতের রেকর্ড অনুসারে, ২০১৫ সালে চেনের সাথে স্ত্রী ওয়াংয়ের বিয়ে হয়। গত বছর চেন স্ত্রীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন। ওয়াং প্রথমে বিচ্ছেদে রাজি ছিলেন না। তবে পরে তিনি বিচ্ছেদের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন। যুক্তি দেন, বৈবাহিক জীবনে তার স্বামী চেন ঘরের কোনও কাজই করেননি। এমনকি তাদের ছেলের দেখভালের দায়িত্বও পালন করেননি।
দেশটিতে একটি নতুন সিভিল কোড প্রবর্তনের পরে এই রায় দেয়া হয়েছে। মামলার রায় নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তর্ক-বিতর্ক। কেউ কেউ বলেছেন ক্ষতিপূরণের পরিমাণ খুব অল্প ছিল।