কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে আমিন নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আমিন জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের প্রবাসী নোয়াব আলীর ছেলে এবং পারিবারিকভাবে তারা নগরীর ঠাকুরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। নিহত আমিন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ছাত্র মিরণ হত্যা মামলার আসামি ছিল এবং পেশায় সে একজন রং মিস্ত্রী। ঘাতক ও নিহত সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর ঠাকুরপাড়া এলাকার এমপি মাঠে অন্যদের সাথে ক্রিকেট খেলতে যায় আমিন (১৬)। একপর্যায়ে খেলায় নো বল নিয়ে পারভেজ নামে একজনের সাথে আমিন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং পারভেজকে (২০) থাপ্পড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে ছুরি নিয়ে খেলার মাঠে গিয়ে আমিনকে ছুরিকাঘাত করে পারভেজ।
পরে গুরুতর আহত অবস্থায় আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পারভেজ জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের শাহ আলমের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঘাতক পারভেজ পলাতক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।