টাঙ্গাইলের কালিহাতীতে আশা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টার দিকে উপজেলার দত্তগ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী জানায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলা কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে আশা আক্তারকে নিজ ঘর থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ঘরের সামনে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশার চিৎকারে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।